ফিলিপাইনের কেবুতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অ্যাসোশিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) সম্মেলন। এতে তাদের মূল আলোচ্য বিষয় হবে চলমান বৈশ্বিক জ্বালানি সংকট। বৃহস্পতি ও শুক্রবার ২ দিনব্যাপী এই সম্মেলন উপলক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের নেতারা ফিলিপাইনে পৌঁছেছেন। প্রায় ৭০ কোটি মানুষের বসবাস এ সব দেশে। সম্মেলনে দেশগুলোর আলোচনায় প্রাধান্য পাবে খাদ্য এবং জ্বালানির নিরাপদ সরবারহ নিশ্চিত করা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
আসিয়ানের এবারের সম্মেলনে সভাপতিত্ব করছে ফিলিপাইন। জ্বালানির সংকট মোকাবিলা তাদের বড় পরীক্ষায় ফেলবে সফলভাবে সম্মেলন শেষ করায়। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক বিবাদসমূহকে এড়িয়ে জোটগত সিদ্ধান্ত বের করে আনার জন্য সমন্বয় করাটা হবে তাদের জন্য মূল চ্যালেঞ্জ।
বিশেষ করে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত যুদ্ধ এখনো সমাধান হয়নি। এই অবস্থায় জ্বালানির দাম তাদের বাধ্য করেছে সম্মিলিত সিদ্ধান্ত নেয়ার জন্য একত্র হতে। ম্যানিলার দে লা সাল বিশ্ববিদ্যালয়ের ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও প্রভাষক ডন ম্যাকলেইন গিল রয়টার্সকে বলেছেন, অর্থনৈতিক সংকট বড় হলে তা আঞ্চলিক সমস্যাকে পেছনে ফেলে বড় ইস্যু হতে পারে।
