নাহিদা বৃষ্টির জানাজা সম্পন্ন, শনিবার দেশে ফিরছে মরদেহ

ফ্লোরিডা ট্র্যাজেডি

নাহিদা বৃষ্টির জানাজা সম্পন্ন, শনিবার দেশে ফিরছে মরদেহ

ফন্ট সাইজ:

ফ্লোরিডাতে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টামপা বে’তে অনুষ্ঠিত জানাজায় বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এতে ইমামতি করেন ইসলামিক সোসাইটি অব টামপা বে-এর ইমাম আরজান আহমেসুলা।

জানাজার পূর্বে বৃষ্টির মরদেহ মসজিদ প্রাঙ্গণে এসে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজার পর দুই শিক্ষার্থী হত‍্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। টাম্পার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব তাহের রাশু জানান, স্থানীয় একটি সেন্টারে আয়োজিত সভায় উপস্থিত সবাই দুই শিক্ষার্থীর খুনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে রাত ৮.৫০ মিনিটে) ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মরদেহবাহী এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। এসময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল‍্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ৯ মে শনিবার সকাল ৮.৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে। বিষয়টি তত্ত্বাবধান করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সমস্ত ব‍্যয় বহন করছে বাংলাদেশ সরকার।

এদিকে পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরনোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ । ৮ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে ২০২৬) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস‍্যুলেটকে চিঠি দিয়ে এ তথ‍্য জানিয়েছে। কনস‍্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন‍্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মিয়ামি কনস‍্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন