নারায়ণগঞ্জে এবার পুলিশের ওপর হামলা ৫ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জে এবার পুলিশের ওপর হামলা ৫ আসামি ছিনতাই

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার রেশ না কাটতেই সদর উপজেলার ফতুল্লার কাশিপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা আটক ব্যক্তিসহ পাঁচজনকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে ফতুল্লা মডেল থানার কাশিপুরের হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সাবেক পুলিশ সদস্য সোলায়মানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে অভিযান চালিয়ে পুলিশ আব্দুল্লাহ ও তার এক সহযোগীকে আটক করে হ্যান্ডকাফ পরায়। একইসঙ্গে লুট হওয়া মালামাল বহনের কাজে নিয়োজিত আরও তিনজনকে আটক করা হয়।

এ সময় খবর পেয়ে জনির নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে ফতুল্লা থানার আরেকটি দল উপ-পরিদর্শক বাশারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা হ্যান্ডকাফ পরা আব্দুল্লাহসহ আটক পাঁচজনকে ছিনিয়ে নিতে সক্ষম হয়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, হাসেমবাগ এলাকায় স্থানীয় জনি গ্রুপ একটি টিনশেড বাড়ি দখলের উদ্দেশ্যে হামলা ও লুটপাট চালাচ্ছিল। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি ভ্যান গাড়িতে লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সংঘবদ্ধ হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়া হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য তার কাছে নেই। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তিনজন র?্যাব সদস্যকে কুপিয়ে আহত করে। এ ছাড়া, সোমবার রাতে রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী শামীম আহমেদকে ছিনিয়ে নিয়ে যায় সহযোগীরা। দুইদিনের ব্যবধানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

Mohammad Nazrul Islam

২ মাস আগে

যেখানে আইন শৃংখলা বাহিনীর নিজেদেরই নিরাপত্তা নাই সেখানে তারা জনগণের নিরাপত্তা দিতে পারেনা। সরকারের কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

Sukur ulla

২ মাস আগে

আসামি নিয়ে চলে গেছে তাহলে পুলিশ আহত হবে কেন

মন্তব্য করুন