রাজধানীর কদমতলীর রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. রনি (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। রনি কদমতলী থানার ৫৯নং ওয়ার্ডের শ্রমিক দলের (ইউনিট) সাধারণ সম্পাদক। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তাকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মো. হাসান বলেন, আমার ভাই লাকড়ির ব্যবসা করে। আজ (বুধবার) বিকালের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় আমার ভাই গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, আমার ভাই কদমতলী থানার ৫৯নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ (ইউনিট) শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বড়কুল পাটোয়ারী এলাকায়। সে মৃত বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে কদমতলীর ঢাকা ম্যাচ নতুন কলোনি রেললাইন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কদমতলী এলাকা থেকে রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। তার বাম পায়ের হাঁটুর উপরে গুলি লেগেছে। বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসা চলছে।
