২৫শে মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সাফের প্রস্তুতিটা যুতসই করতে আজ থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। থাইল্যান্ডে পনেরো দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। এ সময় স্থানীয় প্রিমিয়ার লীগের দু’টি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন আফঈদারা। সেখান থেকেই ২১শে মে সরাসরি দল যাবে ভারতে। বাংলাদেশের প্রথম দুই সাফ জয়ের নায়ক অধিনায়ক সাবিনা খাতুন। গত সাফ জয়ের পর থেকে কোচ বাটলারের সঙ্গে দূরত্বে সাবিনার সঙ্গে দলের বাইরে কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়া। এবারের দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার পূজা দাস।
ইনজুরির কারণে জায়গা হয়নি নবিরণ খাতুনের। নতুন করে দলে ঢুকেছেন মমিতা খাতুন এবং ডিফেন্ডার অর্পিতা বিশ্বাস। দলে সুযোগ পাওয়াদের নিয়ে সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘নতুন বলতে কিছু নেই, কারণ আমরা অনেকদিন ধরে একসঙ্গে অনুশীলন করছি। সবার মধ্যে বোঝাপড়া খুব ভালো। আশা করি সবাই মিলে ভালো কিছুই করতে পারবো।’ বাদ পড়া স্বপ্না এবং মুনকি আক্তারকে নিয়ে কোচ বাটলার বলেন, ‘স্বপ্না এবং মুনকির ক্ষেত্রে কারণ হলো, খারাপ পারফরম্যান্স।
তারা সেই পর্যায়ে পারফর্ম করেনি, কথা শোনেনি এবং আশা করি একদিন তারা তাদের ভুল বুঝতে পারবে। আশা করি তারা উপলব্ধি করবে যে আমি তাদের ভালোর জন্যই এটি করছি। তাই তাদের দল থেকে বাদ দেয়া হয়েছে। তারা দলের সঙ্গে অনুশীলন করছে না, এমনকি প্রশিক্ষণ দলেও নেই। আর এর কারণ স্পষ্ট- খারাপ পারফরম্যান্স।’ ২০২৪ সালের সাফের স্কোয়াড থেকে এবার নেই ১০ জন। সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সুমাইয়া মাতসুশিমা, কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তার ছিলেন সাফজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। মিয়ানমারে হওয়া এশিয়ান কাপ বাছাইয়ের পর থেকেই তারা আর বাটলারের বিবেচনায় নেই। এছাড়াও ওই আসরে খেলেছেন নিলুফা ইয়াসমিন নিলা, গোলকিপার ইয়ারজান বেগম, আইরিন খাতুন, স্বপ্না রানী ও মুনকি আক্তার। গত সাফে ছিলেন না এবার দলে ঢুকেছেন তারা হলেন- সুরমা জান্নাত, হালিমা আক্তার, সুরভী আক্তার আরফিন, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মমিতা খাতুন, উমেহ্লা মারমা, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি এবং স্বর্ণা রানী মণ্ডল।
অস্ট্রেলিয়ায় খেলা সুইডেন প্রবাসী আনিকা রয়েছেন স্কোয়াডে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের লক্ষ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। বাফুফের পক্ষ থেকে এই টুর্নামেন্টকে গুরুত্ব দেয়া হয়েছে।’ নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করেছে মাসখানিক আগ থেকে।
১০ দিনের ক্যাম্প হয়েছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। গোয়ায় ২৫ মে থেকে ৬ জুন হবে এই প্রতিযোগিতা। ৬ দলের এই সাফে দুটি গ্রুপ করা হয়েছে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত এবং মালদ্বীপের সঙ্গে। ২৮শে মে মালদ্বীপ, ৩১শে মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল খেলা আগামী ৬ই জুন। শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘এবার আমাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ। আমাদের প্রস্তুতি ভালো। গ্রুপে শক্তিশালী ভারত রয়েছে। তারপরও আমরা ভালো খেলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
