শনিবার রাতে মায়ের জন্য খিচুড়ি আনতে গিয়ে নিখোজ হয় ৭ম শ্রেণীর ছাত্র সৌরভ দাস সান। ৭ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর নিখোজের পর উদ্বেগ ছড়িয়ে পড়ে বরিশালে। ঝড় ওঠে সামাজিক যোগযোগ মাধ্যমে। পুলিশ নামে তদন্তে। চারদিন পর নিখোজ ছাত্রকে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের ঈদগাহ থানা পুলিশ তাকে উদ্ধার করে। সংবাদ পেয়ে তার পরিবারের সদস্যরা ছুটে গেছেন সৌরভকে ফিরিয়ে আনতে। প্রথম দিকে পুলিশ ধারনা করেছিল স্বেচ্ছায় আত্মগোপন বা বন্ধুদের সাথে বেড়াতে গেছে। এখন পুলিশের ধারনা সৌরভ ‘শয়তানের নিঃশ্বাস’ নামক বিশেষ মাদকের কবলে পড়ে অপহরণের শিকার হয়েছিল।
গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে মায়ের জন্য খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয় সৌরভ। সে সময় সে একটি বিকাশের দোকান থেকে সাড়ে আট হাজার টাকাও উত্তোলন করেছিল। এরপর থেকেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কক্সবাজার ঈদগাহ থানার উপ-পরিদর্শক (এসআই) সুনিল বড়ুয়া জানান, রাত ৩টার দিকে ঈদগাহ এলাকায় ক্লান্ত অবস্থায় সৌরভকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় দোকানিদের সন্দেহ হয়।
জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। সৌরভ বর্তমানে সুস্থ রয়েছে এবং কথা বলছে। তার পকেটে দূরপাল্লার বাসের দুটি টিকিট এবং মাত্র ১০ টাকা পাওয়া গেছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছে- একজন অপরিচিত লোক তার কাছে ঠিকানা জানতে চেয়েছিল, এরপর তার আর কিছু মনে নেই। এটি মূলত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের কাজ বলে আমাদের ধারণা।
