ফ্রেঞ্চ ওপেন বয়কটের হুঁশিয়ারি সাবালেঙ্কার

ফ্রেঞ্চ ওপেন বয়কটের হুঁশিয়ারি সাবালেঙ্কার

ফন্ট সাইজ:

পুরস্কারের অর্থ নিয়ে আয়োজকদের বৈষম্যের প্রতিবাদে ফ্রেঞ্চ ওপেন বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা আরিনা সাবালেঙ্কা। আগামী ২৫শে মে থেকে শুরু হতে যাওয়া রোলাঁ গারোর আসরকে সামনে রেখে এই হুঁশিয়ারি টেনিস দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাবালেঙ্কার এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন কোকো গফ ও ইলেনা রিবাকিনার মতো শীর্ষ নারী তারকারাও।

আজ ইতালিয়ান ওপেন চলাকালীন গণমাধ্যমের সাথে আলাপকালে নিজের ক্ষোভ প্রকাশ করেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই বেলারুশ তারকা। সাবালেঙ্কা বলেন, খেলোয়াড়দের অধিকার আদায়ের জন্য গ্র্যান্ড স্ল্যাম বয়কট করাই এখন একমাত্র পথ।

এ বছর ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ মোট পুরস্কারের অর্থ ১০ শতাংশ বাড়িয়ে ৬ কোটি ১৭ লাখ ইউরো করার ঘোষণা দিয়েছে। তবে খেলোয়াড়দের দাবি, সামগ্রিকভাবে অর্থ বাড়লেও টুর্নামেন্টের মোট আয়ের তুলনায় খেলোয়াড়দের প্রাপ্য শতাংশ কমেছে। সাবালেঙ্কাদের ভাষ্যমতে, ২০২৪ সালে ফ্রেঞ্চ ওপেনের মোট আয়ের ১৫.৫ শতাংশ খেলোয়াড়দের দেওয়া হয়েছিল, যা ২০২৬ সালে কমে ১৪.৯ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে। এ নিয়ে সাবালেঙ্কা বলেন, ‘আমি মনে করি, এক পর্যায়ে আমরা গ্র্যান্ড স্ল্যাম বয়কট করবো। আমাদের অধিকারের জন্য লড়াই করার এটিই একমাত্র উপায় হতে পারে। আমাদের ছাড়া এই টুর্নামেন্ট বা বিনোদন—কোনোটিই সম্ভব নয়। তাই আমরা অবশ্যই আয়ের একটি বড় অংশ পাওয়ার যোগ্য।’

সাবালেঙ্কার এই অবস্থানে সমর্থন জানিয়েছেন বর্তমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কোকো গফ। তিনি বলেন, ‘যদি সবাই মিলে একজোট হয়ে পদক্ষেপ নেয়, তবে আমি বয়কটের বিষয়টি শতভাগ সমর্থন করি। আমি চাই অবসরের আগে এই খেলাটিকে আরও উন্নত অবস্থায় রেখে যেতে।’

অন্যদিকে, অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ইলেনা রিবাকিনাও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের সাথে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি পুরস্কারের অর্থের পাশাপাশি চড়া ট্যাক্স নিয়েও কথা বলেন। তবে শীর্ষ তারকা ইগা সিওনতেক বিষয়টিকে 'চরম পন্থা' উল্লেখ করে টুর্নামেন্ট শুরুর আগে আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেছেন।

টেনিস খেলোয়াড়দের জন্য একটি শক্তিশালী ইউনিয়ন বা সংগঠনের অভাব দীর্ঘদিনের। কোকো গফ যুক্তরাষ্ট্রের ডব্লিউএনবিএ (WNBA)-এর উদাহরণ টেনে বলেন, বড় কোনো পরিবর্তনের জন্য খেলোয়াড়দের সংঘবদ্ধ হওয়া প্রয়োজন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন