যুদ্ধ উত্তেজনা তুঙ্গে, ইউক্রেনে নিহত অন্তত ২৭ রাশিয়ায় ৭

যুদ্ধ উত্তেজনা তুঙ্গে, ইউক্রেনে নিহত অন্তত ২৭ রাশিয়ায় ৭

ফন্ট সাইজ:

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এই হামলাগুলো হয়েছে রাশিয়ার ঘোষিত ৮-৯ মে যুদ্ধবিরতির ঠিক আগে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

মঙ্গলবার জাপোরিঝিয়া অঞ্চলে রুশ গ্লাইড বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২০ জন আহত হন বলে জানান অঞ্চলটির গভর্নর ইভান ফেদেরভ। দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্কে আরও ৬ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দিনিপ্রো শহরে ৪ জন নিহত হয়েছেন ।

নাফতোগাজের সিইও সেরহি কোরেৎস্কি জানিয়েছেন পোলতাভা ও খারকিভ অঞ্চলের গ্যাস স্থাপনাগুলোতে হামলায় ৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ কারখানা কর্মী ও ২ উদ্ধারকর্মী রয়েছেন। হামলায় গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৩,৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি রাশিয়ার এই হামলাকে নির্মম ও সেন্সলেস সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, একদিকে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে অন্যদিকে হামলা চালানো সম্পূর্ণ ভণ্ডামি। রাশিয়া ৮-৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তবে ইউক্রেন দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও মস্কো এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি।

এদিকে পাল্টা হামলায় ইউক্রেনের ড্রোন আক্রমণে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ৫ জন এবং রাশিয়ার চুভাশিয়া অঞ্চলে ২ জন নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের ৯৩ টি ড্রোন প্রতিরোধ করা হয়েছে। যুদ্ধবিরতির আগে উভয় পক্ষের হামলা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন