ক্যারিয়ারের সেরা রাত কাটালেন আতের্তা

ক্যারিয়ারের সেরা রাত কাটালেন আতের্তা

ফন্ট সাইজ:

২০ বছরের দীর্ঘ প্রতীক্ষা। এক প্রজন্মের হাহাকার। অবশেষে উত্তর লন্ডনের আকাশে আনন্দের লাল-সাদা আবির। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল নিশ্চিত করলো আর্সেনাল। জয়ের পর গানারদের মাস্টারমাইন্ড মিকেল আতের্তা আবেগাপ্লুত কণ্ঠে জানালেন, এটিই তার ফুটবল জীবনের সবচেয়ে সেরা রাত।

গত বছর সেমিফাইনালের মঞ্চে পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয় আর্সেনালকে। তবে এবার আর ভুল করেনি আতের্তার শিষ্যরা। অ্যাটলেটিকোর জমাট রক্ষণ ভেঙে জয় ছিনিয়ে নিয়ে ২০০৬ সালের পর প্রথমবার ইউরোপসেরার মঞ্চের ফাইনালে পা রাখলো তারা।

ম্যাচ শুরুর আগে থেকেই এমিরেটসের বাইরে হাজার হাজার গানার সমর্থকের জটলা ছিল চোখে পড়ার মতো। সমর্থকদের সেই উন্মাদনা ছুঁয়ে গেছে ডাগআউটে দাঁড়ানো স্প্যানিশ কোচকে। ম্যাচ শেষে মিকেল আতের্তা বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে অনেক রাত দেখেছি, কিন্তু আজকের রাতটি একদম আলাদা, সেরা। আজ আমাদের সমর্থকরাই খেলার মানদণ্ড ঠিক করে দিয়েছিলেন। স্টেডিয়ামের বাইরে তারা যেভাবে দলকে স্বাগত জানিয়েছেন, তা ছিল অভাবনীয়। এই এনার্জিই খেলোয়াড়দের মনে বিশ্বাস আর জেদ তৈরি করে দিয়েছিল।’

চ্যাম্পিয়নস লীগের এবারের আসরে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি আর্সেনাল। ১৪ ম্যাচের ১১টিতেই জয়, বাকি ৩টি ড্র। অ্যাটলেটিকোর মতো অভিজ্ঞ দলের বিপক্ষে এই পারফরম্যান্সকে 'অসাধারণ' উল্লেখ করে আতের্তা বলেন, ‘আমরা এক কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। গোলের সময়টা আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। শেষ কয়েক মিনিট ছেলেরা যেভাবে খেলাটা নিয়ন্ত্রণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।’’

জয়ের পর মাঠের আনন্দ গ্যালারি ছাপিয়ে ক্লাবের বোর্ড ডিরেক্টরদের কক্ষ পর্যন্ত ছড়িয়ে পড়ে। আতের্তা বলেন, ‘মাঝে মাঝে এই পেশাটাকে খুব পাগলামি মনে হয়। কিন্তু যখন গ্যালারিতে আমার স্টাফ, খেলোয়াড় আর সমর্থকদের চোখে সেই খুশির ঝিলিক দেখলাম, মনে হলো আমাদের করা প্রতিটি কাজ আজ সার্থক হয়েছে।’

চ্যাম্পিয়নস লীগের ফাইনাল নিশ্চিত হলেও দম ফেলার সময় নেই। শিরোপা জয়ের মিশনে আগামী রবিবারই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হতে হবে তাদের। ম্যাচ শেষে শিষ্যদের প্রতি আতের্তা বলেন, ‘আজ রাতটা উপভোগ করো, কিন্তু কাল থেকেই আবার ব্যাটারি পূর্ণ করে নিতে হবে। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।’

দুই দশক পর আর্সেনাল কি পারবে তাদের প্রথম চ্যাম্পিয়নস লীগ ট্রফিটা উঁচিয়ে ধরতে? ফুটবল বিশ্ব এখন সেই অপেক্ষাতেই।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন