যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজ উদ্ধারের অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন। ইরানের সাথে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশাল তিনি এ তথ্য জানান।
পাকিস্তান এবং অন্য কিছু দেশের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ট্রাম্পের এই সিদ্ধান্ত এলো পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনার রূপরেখা জানানোর ৩ ঘণ্টা পরেই। ট্রাম্প চুক্তি চূড়ান্ত করে স্বাক্ষর করার লক্ষ্যে অভিযানটি স্থগিত করেছেন।
তিনি বলেন, আমরা যৌথ সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছি। আটকে থাকা জাহাজ উদ্ধারের অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত করা হলো। তবে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ পূর্বের মতোই বহাল থাকবে। চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষর হয় কিনা দেখা যাক। এ বিষয়ে এখন অব্দি ইরানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
