ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে একটি ব্যানার টানানো নিয়ে ছাত্রদল ও হল সংসদ নেতাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে হলের মূল ফটকে হল ব্যানার টানানো নিয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
এক ঘণ্টার বেশি সময় উত্তেজনার পর উভয় পক্ষ শান্ত হয়। জানা গেছে, গত ২৩ এপ্রিল শাহবাগ এলাকায় মুহসীন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলহাস ইসলামকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গত সোমবার হলের মূল ফটকে একটি ব্যানার টানায় হল সংসদ। এ ঘটনায় হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন হামলাকারী উল্লেখ করে তার ছবি জুড়ে দেয়া হয়। হল ছাত্রদলের নেতা-কর্মীরা তা সরিয়ে ফেললে গতকাল আবার ব্যানার টানাতে যান হল সংসদের নেতারা। তখন উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।
মুহসীন হল সংসদের ভিপি সাদিক শিকদার গণমাধ্যমকে বলেন, ‘গত সোমবার জুলহাসের ওপর সাজ্জাদের (হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক) হামলার বিচার চেয়ে ব্যানার টানালে তারা এটা পুড়িয়ে ফেলে দেয়। আজ আবার ব্যানার টানাতে আসলে তারা আমাদেরকে বাধা দেয়। তারা আমাদের সঙ্গে থাকা এক ছোট ভাই সালমানকে আহত করে।’
হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, ‘হল সংসদের লোকজন আমাকে বারবার সন্ত্রাসী হিসেবে তুলে ধরে ব্যানার টানানোর চেষ্টা করেছে। আমি কোনোভাবেই তা নই। আমি কোনোভাবেই সেদিনের হামলায় ছিলাম না।’
