ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে নতুন দল তামিলনাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর বিপুল জয়ের পর অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়ের দল কংগ্রেসের সমর্থনে সরকার গঠন করতে চলেছে। বিজয়ের দলকে কংগ্রেস সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। টিভিকে’র জয় ডিএমকে এবং এআইএডিএমকে-এর চিরাচরিত দ্বৈত আধিপত্য ভেঙে দিয়ে দক্ষিণের রাজ্যটির রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।
টিভিকে সমর্থনের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে কংগ্রেস সাংসদ শশীকান্ত সেন্থিল বলেন, ‘হ্যাঁ, রাজনৈতিক বিষয়ক কমিটি সরকার গঠনে টিভিকে-কে সমর্থন করার জন্য টিএনসিসি-কে অনুমোদন দিয়েছে।’
তামিলনাড়ুর টিভিকে প্রধান বিজয় এর আগে সরকার গঠনের জন্য কংগ্রেসের সমর্থন চেয়েছিলেন। তবে কংগ্রেসের এই সমর্থন জানানোর সিদ্ধান্ত দীর্ঘ দিনের জোটসঙ্গী ডিএমকে ক্ষুব্ধ হয়েছে। ডিএমকে কংগ্রেসের বিরুদ্ধে পেছন থেকে ছুরি মারার অভিযোগ করেছে।
সংবাদ সংস্থা জানিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী টিভিকে-কে সমর্থন করার পক্ষে থাকলেও কংগ্রেস সভাপতি খার্গে চেয়েছিলেন দিল্লির নেতাদের পরিবর্তে তামিলনাড়ু কংগ্রেস কমিটি এই সিদ্ধান্ত নিক। তবে কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটির গভীর রাতের এক ভার্চুয়াল বৈঠকে তামিলনাড়ু ইউনিটকে টিভিকে-এর সরকার গঠনে সমর্থন দেয়ার অনুমোদন দিয়েছে।
জানা গেছে, কংগ্রেস বিজয়ের সরকারে দু’টি মন্ত্রীর পদ আশা করছে। তারা আরও জানায়, কংগ্রেস নেতা গিরিশ চোডানকর এবং প্রবীণ চক্রবর্তী টিভিকে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে, দলটি একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত আরোপ করেছিল টিভিকে অবশ্যই এনডিএ বা অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামসহ (এআইএডিএমকে) এর মিত্রদের সঙ্গে জোট করতে পারবে না।
