বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ৭৫০০ টাকা করে অনুদান পাবেন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ৭৫০০ টাকা করে অনুদান পাবেন

ফন্ট সাইজ:

কয়েকদিনের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরাঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে অনুদান দেবে সরকার বলে জানিয়েছেন- প্রধানমন্ত্রীর তথ্য ও সমপ্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, হাওরে আমাদের কৃষকরা হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে তুলতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৭ হাজার ৫০০ টাকা করে তাদেরকে অনুদান দেয়া হবে।

তিনি বলেন, টিসিবি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের কাছে কম দামে বিক্রির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পামওয়েল কেনার অনুমোদন দিয়েছে, সেজন্য ১৮১ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হচ্ছে। এছাড়া সরকার স্থানীয়ভাবে ২ হাজার টন ডাল কেনার পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জ্বালানি সংকট এবং এর অর্থনৈতিক ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দায়িত্ব নেয়ার পর সরকারের আর্থিকভাবে যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল, সে তুলনায় কিছুটা কম হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনৈতিক অগ্রগতির চাইতে অনেক বেশি হয়েছে।

তিনি আরও বলেন, এই সময় বিশেষ করে যেসব মানুষ সংকটে থাকেন, যেসব মানুষ প্রান্তিক, তাদের পাশে দাঁড়াবো এবং আমরা সেজন্যই টিসিবি’র এই কেনাকাটা বাড়াচ্ছি।

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতির তদন্ত হবে
হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে অবহেলার অভিযোগ নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আনুষ্ঠানিকভাবে তদন্ত করা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি।

আমি আশা করি, সরকার একটা তদন্ত করবে। দায়ী কারা ছিলেন বা অন্তত কাউকে ধরে শাস্তি দিতে চেয়েছি, সেটার চেয়েও জরুরি কথা, সমস্যাগুলো কোথায় হলো। জাহেদ উর রহমান বলেন, একটা তদন্ত ভবিষ্যতের জন্য হেল্প (সহযোগিতা) করে, যাতে একই রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেই কারণে অন্তত তদন্ত হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং চেষ্টাও করছি।

আমি এ ব্যাপারে কথা বলবো। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। এ নিয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দ্রুত যাতে তদন্ত শুরু হয়, সে চেষ্টা করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন- তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সমপ্রচার) মো. শাহ আলম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন