মাঠে বল পায়ে দৌড়ঝাঁপ নেই, ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুমেও পড়েছে ছেদ। তাই ছুটির এই সময়টাকে কাজে লাগিয়ে অনেকটা হঠাৎ করে গতকাল ঢাকায় পা রাখেন লেস্টার সিটির জনপ্রিয় মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লীগ থেকে তার দল লেস্টার সিটি অবনমিত হওয়ার পর গত ২রা মে মৌসুমের শেষ ম্যাচটি খেলেছেন তিনি।
সাধারণত ফিফা উইন্ডো ছাড়া বাংলাদেশে হামজাকে দেখা যায় না। এবার সম্পূর্ণ ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি। আগামী ৯ই মে পর্যন্ত হামজা বাংলাদেশে অবস্থান করবেন। এই ৪-৫ দিন মূলত বিভিন্ন কমার্শিয়াল এনগেজমেন্টেই ব্যস্ত থাকবেন এই মিডফিল্ডার।
হামজা চৌধুরীর এই আকস্মিক সফর সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে অবগত নয়। ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, ‘হামজা চৌধুরী সম্পূর্ণ ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসছেন। ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে তার ভ্রমণসূচি বা কার্যক্রম সম্পর্কে কিছু জানানো হয়নি। মূলত কিছু কমার্শিয়াল কাজ সম্পন্ন করতেই তিনি কয়েক দিন ঢাকায় থাকবেন বলে বাফুফে জানতে পেরেছে।’
আগামী ৫ই জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচকে সামনে রেখে ২৪শে মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বাফুফে বর্তমানে জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে। আগের সূচি ও পরিকল্পনা অনুযায়ী, সান মারিনো সফরেই সরাসরি জাতীয় দলের সঙ্গে হামজার যোগ দেয়ার কথা রয়েছে।
