র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটনরা, তলানিতে নারী দল

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে সুসংবাদ পেলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে টপকে এক ধাপ উন্নতি করেছে টাইগাররা। অন্যদিকে নারী ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা আছে তলানিতে। র‌্যাঙ্কিংয়ের দশ নম্বরে আছে নিগার সুলতানা জ্যোতির দল।

আইসিসি’র সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, ছেলেদের টি-টোয়েন্টিতে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক এই হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে শতভাগ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেয়া হয়। হালনাগাদ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট এক বেড়ে ২২৫-এ দাঁড়িয়েছে। অন্যদিকে ৬ পয়েন্ট হারিয়ে নয়ে নেমে গেছে শ্রীলঙ্কা। শীর্ষ সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। চলতি বছর সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড (২৬২) ও অস্ট্রেলিয়া (২৫৮)। এ ছাড়া নিউজিল্যান্ড (চতুর্থ), দক্ষিণ আফ্রিকা (পঞ্চম), পাকিস্তান (ষষ্ঠ) ও ওয়েস্ট ইন্ডিজ (সপ্তম) নিজেদের আগের অবস্থানেই রয়েছে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে।

নারী ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েরা ১৯৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। তাদের চেয়ে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে নবম স্থানে আছে আয়ারল্যান্ড (২০০)। এই তালিকার শীর্ষে যথারীতি দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া (২৮৭ পয়েন্ট)। ১২ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় স্থানে থাকা ভারতের মেয়েদের পয়েন্ট ২৬৪। বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। এ ছাড়া শীর্ষ সাতের বাকি অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

পাকিস্তান নারী দল ২১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে। এবারের হালনাগাদে বড় লাফ দিয়েছে যুক্তরাষ্ট্র। ছেলেদের ক্রিকেটে তারা দুই ধাপ এগিয়ে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে টপকে ১৩তম স্থানে উঠে এসেছে। একইভাবে নারীদের র‌্যাঙ্কিংয়েও তারা দুই ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছে। তবে তিন বছর ধরে কোনো ম্যাচ না খেলায় র‌্যাঙ্কিং থেকে ছিটকে গেছে পেরু। পর্যাপ্ত ম্যাচ না খেলায় বাদ পড়েছে কম্বোডিয়াও।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন