রাকিব-ডোরিয়েল্টনে ফেডারেশন কাপের ফাইনালে কিংস

রাকিব-ডোরিয়েল্টনে ফেডারেশন কাপের ফাইনালে কিংস

ফন্ট সাইজ:

আবারো ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখালো বসুন্ধরা কিংস। গতকাল কিংস অ্যারেনায় প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ব্রাদার্সের ফাইনালের সুযোগ শেষ হয়নি এখনো। আগামী মঙ্গলবার কুমিল্লায় এলিমেনেটরে বিজয়ী মোহামেডানের সঙ্গে মাঠে নামবে তারা। বসুন্ধরা কিংসের হয়ে এদিন জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ডোরিয়েল্টন গোমেজ। একটি করে গোল রাকিব হোসেন ও সাব্বির হোসেনের। এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব। কর্দমাক্ত, ভারী ও পিচ্ছিল মাঠে ছন্দময় ফুটবল খেলা কঠিন হলেও, কিক অফের পর থেকে ব্রাদার্সের রক্ষণে চাপ দিতে থাকে কিংস। তৃতীয় মিনিটে গোলও পেয়ে যায় তারা।

কয়েক সতীর্থের পা ঘুরে বল পান সাদ উদ্দিন। তার থ্রু পাস ধরে কিছুটা দূরূহ কোণ থেকে আচমকা বুলেট গতির শট নেন রাকিব। চোখের পলকে ব্রাদার্স গোলরক্ষক ইসহাক আকন্দকে বোকা বানিয়ে বল কাছের পোস্ট জালে জড়ায়। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে নিতে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করে ব্রাদার্স, কিন্তু মেলেনি গোল। দ্বাদশ মিনিটে মোনতাজিম আলম হিমেলের ক্রসে গোলমুখে অরক্ষিত চিগোজি স্যামুয়েল হেড করলেও পোস্টে রাখতে পারেননি। ২৭তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের কর্নার ইসহাক গ্লাভস ছুঁয়ে ক্লিয়ার করার পর, ডোরিয়েল্টনের দৃষ্টিনন্দন ওভারহেড কিকে জাল খুঁজে নেন। কিন্তু বক্সে আগেই ফাউল হওয়ার কারণে গোল পাননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সাত মিনিট পর মনির আলমের ক্রসে স্যামুয়েলের ফ্লিক আটকান মেহেদি হাসান শ্রাবণ। এরপর পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্তের কাছের পোস্টে নেয়া ফিরতি শটও ফিরিয়ে দেন কিংসের এই গোলরক্ষক।

৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ নষ্ট করেন ডোরিয়েল্টন। সতীর্থের পাস ধরে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি; কিন্তু তার কোণাকুণি শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন ইসহাক। দ্বিতীয়ার্ধে সময় যত গড়াতে থাকে, ব্রাদার্সের প্রতিরোধের দেয়ালেও ধরতে থাকে চিড়। ৫৭তম মিনিটে ফাহিমের ভলি এক ডিফেন্ডারের গায়ে লেগে দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৭০তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ডান দিক থেকে সাদ উদ্দিনের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে পা পিছিলে পড়ে যান আব্দুল্লাহ শাহ। ফাঁকায় থাকা ডোরিয়েল্টন সৌভাগ্যের ছোঁয়ায় বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সহজেই।

চার মিনিট পর গ্রুপ পর্বের দুর্বার ব্রাদার্সকে ম্যাচ থেকে ছিটকে দেয় বসুন্ধরা কিংস। রিমনের ক্রস দূরের পোস্টে ফাঁকায় থাকা ডোরিয়েল্টন পেয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা ইসহাককে কাটিয়ে নিখুঁত কোণাকুণি শটে লক্ষ্যভেদ করেন। একটু পর এই ব্রাজেলিয়ান আবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। বদলি নামা সাব্বির শেষ দিকে বক্সের একটু ওপর থেকে ডান পায়ের জোরালো নিচু শটে লক্ষ্যভেদ করলে চলতি আসরে ব্রাদার্সের প্রথম হার নিশ্চিত হয়ে যায়। এদিকে কুমিল্লায় দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে ফাইনালে আশা বাঁচিয়ে রেখেছে মোহামেডান স্পোটিং ক্লাব। এ জয়ে আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে পরাজিত ব্রাদাসের মুখোমুখি হবে তারা। বিজয়ীরা কিংসের সঙ্গে ফাইনাল খেলবে।

এদিন ম্যাচের ২৮ মিনিটে জুয়েল রানার গোলে এগিয়ে যায় মোহামেডান। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ৫৩ মিনিটে মোহামেডানের হয়ে তৃতীয় গোলটি করেন সৌরভ দেওয়ান। বাংলাদেশ ফুটবল লীগে মোহামেডান শিরোপা ধরে রাখার দৌড়ে পথ হারিয়েছে অনেক আগেই। কোচ আলফাজ আহমেদকে সরিয়ে সেন্টুকে দায়িত্ব দেয়ার পর দুই ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে পেছনেই পড়ে রয়েছে তারা। এখন ফেডারেশন কাপই সাদাকালো সমর্থকদের আশার কেন্দ্র। সে পথে অনেকটাই সফল মতিঝিল পাড়ার ক্লাবটির।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন