সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চলাচলে র‌্যাম্প স্থাপনে হাইকোর্টের রুল

সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চলাচলে র‌্যাম্প স্থাপনে হাইকোর্টের রুল

ফন্ট সাইজ:

ভবন নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ ও তৎসংলগ্ন পরিশিষ্ট-২ অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষার জন্য সকল সরকারি প্রতিষ্ঠানে চলাচলের সুবিধার্থে র‌্যাম্প স্থাপন করার নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার। সুপ্রিম কোর্টের আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন। আইন সচিব,স্বরাষ্ট্র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

শুনানি শেষে ফাহমিদা আখতার বলেন, আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় আইন আছে। এমনকি আমাদের সংবিধানেও গ্যারান্টি দেয়া আছে যে, প্রতিবন্ধকতা কোনো বৈষম্যের কারণ হতে পারে না। কিন্তু এরপরও আইনের যথাযথ প্রয়োগ নেই। ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিত ও বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের গৃহবন্দি থাকতে বাধ্য করা হচ্ছে। তিনি আরও বলেন, একজন মানুষ শারীরিক প্রতিবন্ধকতার শিকার হবেন কী না, সেটা তার হাতে নেই। কিন্তু প্রতিবন্ধকতা সত্ত্বেও সে কীভাবে বাঁচবে, সে পছন্দ নাগরিকের থাকা উচিত। অথচ আমাদের দেশের অবকাঠামো কোনোভাবেই তাদের বিশেষ চাহিদাকে পূরণ করতে পারছে না।

তিনি আরও বলেন, রুলে ভবন নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ ও তৎসংলগ্ন পরিশিষ্ট-২ এবং প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা ৩৪ মেনে চলতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে পরিকল্পনা অনুমোদনের পূর্বে, প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা ৩৪-এর অর্থানুযায়ী সকল সরকারি প্রতিষ্ঠানের ভবন পরিকল্পনায় প্রবেশগম্যতা র‌্যাম্প অন্তর্ভুক্ত করা নিশ্চিত করার জন্য রাজউককে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশনা দেয়া হবে না, এ বিষয়েও জানতে চাওয়া হয়েছে। এর আগে গত ২০শে এপ্রিল সকল সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র‌্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন