পাবনা শহরের মধ্যাঞ্চলে একটি আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে বড়বাজার এলাকার ‘লাকী বোর্ডিং’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, হোটেলের একটি কক্ষ থেকে হঠাৎ তীব্র দুর্গন্ধ বের হলে আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। মরদেহের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে হোটেলের মালিক ও কর্মচারী কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেল বন্ধ ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হোটেল কর্তৃপক্ষ পলাতক থাকায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
