নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চতুর্থ দিনে আলো কাড়লেন তৃণমূলের দুই প্রতিভা। ফুটবলে মাইরিন আক্তার আর ক্রিকেটে সাকিবুল হাসান। চট্টগ্রামের বাসিন্দা মাইরিন বল পায়ে করেছেন হ্যাটট্রিক। ঝিনাইদহের সাকিবুল আলো কাড়েন বল হাতে। নেন ৬ উইকেট।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা ফুটবলে একক আধিপত্য দেখায় পটিয়া উপজেলা দল। পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মাইরিন আক্তারের দুর্দান্ত নৈপুণ্যে হাটহাজারী উপজেলাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তার দল। মাইরিন একাই করেন তিন গোল। এটি এবারের আসরের প্রথম হ্যাটট্রিক।
ঝিনাইদহে দারুণ এক বোলিং স্পেল করেন কালীগঞ্জ উপজেলার স্পিনার সাকিবুল। বল হাতে চমৎকার নৈপুণ্য দেখিয়ে কোটচাঁদপুর উপজেলার ব্যাটিং লাইনআপকে তিনি ধসিয়ে দেন। মাত্র ২ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ৫ রান খরচায় ৬ উইকেট তুলে নেন এ কিশোর। এর আগে আসরের প্রথম হ্যাটট্রিকের দেখা পান সাকিবুল। তার বোলিং তোপে কোটচাঁদপুর ১০ ওভারে মাত্র ৪৮ রান তুলতে সক্ষম হয়। জবাবে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় কালীগঞ্জ উপজেলা, যার ফলে তারা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
