জামায়াত-এনসিপি প্রমাণ করেছে তারা জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়-প্রিন্স

জামায়াত-এনসিপি প্রমাণ করেছে তারা জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়-প্রিন্স

ফন্ট সাইজ:

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে নাম না দিয়ে জামায়াত-এনসিপি জোট প্রমাণ করেছে তারা জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়। এ কারণে জুলাই সনদ বাস্তবায়নের কাজ শুরু করা যাচ্ছে না।

সোমবার ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা সদর এলাকায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য বিএনপির প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটিতে জামায়াত-এনসিপি জোট সদস্যের নাম দিতে গড়িমসি করছে। জোটটি যদি সময়মতো প্রতিনিধি মনোনয়ন দিতো, তাহলে এতদিনে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হতো।
তিনি বলেন, একদিকে তারা সংবিধান সংশোধন কমিটিতে নাম দিচ্ছে না, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কথা বলছে। এটি সম্পূর্ণ স্ববিরোধী অবস্থান। প্রিন্স বলেন, এ ধরনের কর্মকাণ্ড তাদের অন্তঃসারশূন্য রাজনীতির বহিঃপ্রকাশ এবং জুলাই শহীদদের আত্মত্যাগের সঙ্গে প্রতারণার শামিল। জোটটি প্রকৃতপক্ষে জুলাই সনদের বাস্তবায়ন চায় কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।

এর আগে, জেলা পরিষদের প্রশাসক হিসেবে সরকারি সফরে ধোবাউড়া উপজেলায় যান প্রিন্স। তিনি ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে গৃহীত জেলা পরিষদের বাস্তবায়নাধীন ৩৬টি প্রকল্পের অগ্রগতি ও হালনাগাদ অবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলোতে উন্নয়ন প্রকল্প কমিটির সঙ্গে বৈঠকে কাজের গতি ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের দ্রুত অগ্রগতি বাড়ানো এবং নির্ধারিত মান নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন কাজে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। অনিয়ম বা নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইন্দু ভুষন বিশ্বাস, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মির্জা রিয়াদ হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আমজনতা

১ মাস আগে

ফাজলামোর একটা সীমা থাকা উচিত! গণভোট এবং জুলাই সনদে স্বাক্ষর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্লজ্জ বক্তব্যের পরেও যারা বলে জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত-এনসিপি আন্তরিক নয় তারা আসলেই মুনাফিক ও বিশ্বসেরা মিথ্যুক। অন্যের দোষ না ধরে আয়নায় নিজেদের চেহারা দেখেন।

মন্তব্য করুন

Premer Cement