আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনী তিনজনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তালেবান সরকার। দেশটি এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনা ঘটেছে। দেশ দুইটির যুদ্ধবিরতির মধ্যে সর্বশেষ এই হামলার ঘটনা ঘটলো।
আফগানিস্তানের ডেপুটি সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, পাকিস্তানের এই হামলায় ১৪ জন আহত হয়েছে।
কুনার প্রদেশে বাড়ি, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্রে পাকিস্তানি বাহিনী ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন ফিতরাত।
তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দাবি করেছে, কাবুলের এসব ধ্বংসযজ্ঞের অভিযোগ সাজানো।
গত সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় হামলায় একজন নিহত হলে দেশ দুইটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এই হামলায় একজন নিহত ছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
পাক ইন্সটিটিউট ফর পিস স্টাডিসের (পিআইপিএস) পরিচালক মুহাম্মদ আমির রানা আল জাজিরাকে বলেন, সীমান্তহামলা নিয়ে একাধিক চ্যালেঞ্জের মুখে পাকিস্তান।
