হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গাফিলতির যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তদন্ত প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তদন্তের উদ্দেশ্য যাচাই করা এবং তারপর সিদ্ধান্তে আসা। দ্রুত যাতে তদন্ত শুরু হয়, সে চেষ্টা করা হবে। এ বিষয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানান তিনি।
হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে অবহেলার অভিযোগ নিয়ে সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আনুষ্ঠানিকভাবে তদন্ত করা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি। আশা করি, সরকার একটা তদন্ত করবে। দায়ী কারা ছিলেন বা অন্তত কাউকে ধরে শাস্তি দিতে চেয়েছি, সেটার চেয়েও জরুরি কথা, সমস্যাগুলো কোথায় হলো।
তিনি বলেন, একটা তদন্ত ভবিষ্যতের জন্য হেল্প করে, যাতে একই রকম ঘটনা পনুরাবুত্তি না হয়। সেই কারণে অন্তত তদন্ত হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি এ ব্যাপারে কথা বলব। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব।
