আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

ফন্ট সাইজ:

চীনের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। হুনান প্রদেশে এ ঘটনা ঘটে। এতে ৬১ জন আহত হয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তদন্তের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সোমবার স্থানীয় সময় বিকাল ৪ টায় এই দুর্ঘটনা ঘটে। সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী। ঘটনাস্থলে পাঠানো হয় প্রায় ৫০০ সদস্যের পাঁচটি উদ্ধারকারী দল এবং তিনটি উদ্ধারকারী রোবট। তারা দুর্ঘটনাস্থলকে ছোট ছোট অঞ্চলে ভাগ করে অনুসন্ধান চালানোর জন্য ‘মানুষ ও যন্ত্রের সমন্বিত পদ্ধতি’ ব্যবহার করে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কারখানার ভেতরে থাকা বারুদের মজুতের দুটি গুদাম উচ্চ ঝুঁকিতে ছিলো। এতে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং নারকীয় আকার ধারণ করে। এতে আরও বলা হয় যে, কর্তৃপক্ষ বিপদজ্জনক এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণটি ঘটে। কোম্পানিটির দায়িত্বে থাকা ব্যক্তিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনার জন্য কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন।

গত বছর চীন ১.১৪ বিলিয়ন ডলার মূল্যের আতশবাজি রপ্তানি করেছে। শি জিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ শিল্পগুলোতে ঝুঁকি যাচাই ও বিপদ নিয়ন্ত্রণ জোরদার করতে, জননিরাপত্তা বাড়াতে এবং মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন