২০ বছর পর চ্যাম্পিয়নস লীগ ফাইনালের হাতছানি আর্সেনালের সামনে। অ্যাটলেটিকো মাদ্রিদের ক্ষেত্রে তুলনামূলক অর্ধেক, ১০ বছরের অপেক্ষা। সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলের ড্রয়ের পর আজ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও অ্যাটলেটিকো। জয়ী দলের সামনে উন্মুক্ত হবে পুসকাস অ্যারেনার সদর দরজা। এবারের ফাইনালের ভেন্যু হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের এ স্টেডিয়াম।
রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে গত সপ্তাহে পেনাল্টি নাটকের সাক্ষী হয় ফুটবল বিশ্ব। প্রথম লেগে আর্সেনাল ও অ্যাটলেটিকোর হয়ে দু’টি গোলই পেনাল্টি থেকে করেন যথাক্রমে ভিক্টর ইয়োকেরেস ও হুলিয়ান আলভারেজ। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বিতর্কে একটি পেনাল্টি হারায় মিকেল আর্তেতার শিষ্যরা। তবে অ্যাটলেটিকোর মাঠ থেকে অপরাজিত থেকে ফেরাটা গানারদের জন্য বড় এক স্বস্তির খবর। ২০০৬-এর পর এই প্রথম তারা ফাইনালের এত কাছে। টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে ইংলিশ জায়ান্টরা।
আর্সেনাল শিবিরে স্বস্তির খবর হলো বুকায়ো সাকার ফিটনেস। ইংলিশ প্রিমিয়ার লীগে ফুলহ্যামের বিপক্ষে দুর্দান্ত খেলার পর প্রথমার্ধেই তাকে তুলে নেয়া হয় শুধু আজকের এই হাইভোল্টেজ ম্যাচের কথা ভেবে। অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজকে নিয়ে কিছুটা সংশয় থাকলেও, তাদের নিয়ে আশাবাদী আর্তেতা। মাঝমাঠে মার্টিন জুবিমেন্ডির ফেরা নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে লন্ডনের ক্লাবটির।
আর্তেতার মতে, সবকিছু সঠিক পথেই এগোচ্ছে। প্রিমিয়ার লীগে সর্বশেষ ম্যাচে জয়ের পর আজকের লড়াই প্রসঙ্গে গানার কোচ বলেন, ‘এই গতি, শক্তি এবং বিশ্বাসকে মঙ্গলবারের (চ্যাম্পিয়নস লীগ) ম্যাচের দিকে নিয়ে যেতে চাই। আমাদের নিশ্চিতভাবেই সেটির প্রয়োজন হবে। যখন আমি ড্রেসিংরুমের পরিবেশের দিকে তাকাই, আমার মনে হয় সবকিছু সঠিক পথেই এগোচ্ছে।’
অন্যদিকে, রক্ষণাত্মক খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে গোল পাওয়া হুলিয়ান আলভারেজ মেসির রেকর্ড ভেঙে এখন টগবগে আত্মবিশ্বাসে রয়েছেন। সেদিন চ্যাম্পিয়নস লীগে ৪১ ম্যাচে ২৫ গোলের মাইলফলক দ্রুততম হিসেবে স্পর্শ করেন আলভারেজ। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা শিরোপার খুব কাছে থাকায় তার মূল একাদশকে গত সপ্তাহে বিশ্রাম দেন সিমিওনে। লক্ষ্য, আজকের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। অতীতে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে নকআউট পর্বে অ্যাটলেটিকোর রেকর্ড ঈর্ষণীয়। বিশেষ করে, ২০১৭-১৮ মৌসুমে ইউরোপা লীগ শিরোপা উঁচিয়ে ধরার পথে সেমিতে এই আর্সেনালকে হারায় তারা। আজকের ম্যাচকে সামনে রেখে সিমিওনে আগেই বলে রেখেছেন, ‘আমাদের সামনে এক অসাধারণ চ্যালেঞ্জ-লন্ডন, আর্সেনালের মাঠ। আমরা সেখানে যাবো এবং নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলবো।’
পরিসংখ্যানের পাতায় ঘরের মাঠে স্প্যানিশ দলগুলোর বিপক্ষে বেশ শক্তিশালী আর্সেনাল। শেষ ১৫ লড়াইয়ে তারা হেরেছে মাত্র একটিতে। তবে সিমিওনের ডিফেন্সিভ মাস্টারক্লাস যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখে।
