গত বছর জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশ জুড়ে হওয়া টুর্নামেন্টে হাজারের অধিক ফুটবলার অংশগ্রহণ করেছিল। বাফুফে ওই প্রতিযোগিতা থেকে ১২৮ জন ফুটবলারকে বাছাই করে। বাছাইকৃত ১২৮ ফুটবলারকে আরেক পরখ করেছে ফেডারেশন।
কমলাপুর স্টেডিয়ামে গত কয়েকদিন বাছাইকৃত ফুটবলাররা ট্রায়াল দিয়েছেন। সেই ট্রায়াল শেষে ৩৬ ফুটবলার গতকাল ইয়েস কার্ড পেয়েছেন। যারা সামনে বয়স ভিত্তিক জাতীয় দল কিংবা বাফুফে একাডেমিতে অনুশীলনের সুযোগ পাবেন। অনূর্ধ্ব-১৫ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম বলেন, ‘ফুটবল উন্নয়নের জন্য শক্তিশালী পাইপলাইন প্রয়োজন। এজন্য আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই করলাম।
সামনে অন্য বয়স ক্যাটাগরিতেও এটা করা হবে।’ বাংলাদেশ সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপা জেতার পর বাফুফে তৃণমূল ফুটবলে আরো বেশি জোরদার করেছে। গত বছরের মতো এই বছরও বাফুফে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করবে দেশব্যাপী।
