ভারতের বিধানসভা নির্বাচনে আসাম ও পশ্চিমবঙ্গে ভূমিধস জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দল বিজেপি। আসামে টানা তৃতীয়বারের মতো এবং পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় আসছে মোদির দল। এমন দিনকে তাই ঐতিহাসিক ও নজিরবিহীন বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদি এদিন বলেন, আজ ভারতের সংবিধান জিতেছে। ভারত পুরো বিশ্বের গণতন্ত্রের মা।
এ ছাড়া তিনি বলেন, গত বছরের নভেম্বরে বিহারের ফল প্রকাশের পর একই ভেন্যু থেকে আমি আপনাদের বলেছিলাম যে বিহার থেকে গঙ্গা জি গঙ্গা সাগরের দিকে প্রবাহিত হচ্ছে। আজকে গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত শুধুমাত্র পদ্ম ফুটেছে।
যেখানে বিজেপি সরকার সেখানেই উন্নয়ন উল্লেখ করে মোদি বলেন, আজকে ৩০টির বেশি রাজ্যে বিজেপি-এনডিএ সরকার। আমরা জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ২০৬টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ব্যাগে ঝুলছে ৮১টি আসন। রাজ্যটিতে সরকার গঠনে যেকোনো দলের ১৪৮টি আসনে জয় পেতে হয়।
এ ছাড়া আসামে বিজেপি ৮২টি আসনে এগিয়ে আছে। নিকট প্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি পেয়েছে ১২টি আসন।
