পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বিজেপির ঐতিহাসিক জয়ের আভাস মিলেছে। দলের এমন সাফল্যের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন।
মোদি বলেন, বাংলায় পদ্ম ফুটেছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। গণশক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।
জনগণ বিজেপিকে বিপুল জনসমর্থন দিয়েছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের আশ্বাস দিচ্ছি, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছুই করবে।
এ ছাড়া মোদি বলেন, আমরা এমন একটি সরকার প্রতিষ্ঠা করব যা সমাজের সকল স্তরের মানুষের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।
দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এখন পর্যন্ত ২০৫টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৮২ আসনে এগিয়ে আছে।
রাজ্যটিতে সরকার গঠন করতে হলে যেকোনো দলকে ১৪৮টি আসনে জয় পেতে হয়।
