হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অপর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর শিশুমৃত্যুর এই সংখ্যা গত ৫০ দিনের মধ্যে এটিই সর্বোচ্চ।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এই হিসাব গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে ৫০ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৩১১। হামের উপসর্গ নিয়ে ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে আর হামে ৫২ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ১৭ শিশুর মধ্যে ১২টি শিশুই ঢাকা বিভাগের আর ৫টি শিশু চট্টগ্রাম বিভাগের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩০২টি শিশুর মধ্যে। তাদের মধ্যে ৬১৮টি শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৯২), রাজশাহী (১৬৮) ও বরিশাল (১৩৩) বিভাগ। দেশের ৮ বিভাগে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন। হামের উপসর্গ নিয়ে ৮ বিভাগে ভর্তি হওয়া ১ হাজার ৬১ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে।
