ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন হওয়া পাঁচটি রাজ্যে ইতিমধ্যে কোন দল ক্ষমতায় আসছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
পশ্চিমবঙ্গ
দেশটির এবারে বিধানসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ক্ষমতায় আসছে বলে আভাস মিলেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গে ১৯৩টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৯৩টি আসনে এগিয়ে। রাজ্যটিতে সরকার গঠন করতে ১৪৮টি আসনে জয় পেতে হবে।
তামিল নাড়ু
তামিল নাড়ুতে গত কয়েক দশক ধরে নেতৃত্ব দিয়েছিল ডিএমকে এবং এআইডিএমকে। তবে এবার সেখানে রেকর্ড গড়তে যাচ্ছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত, ১০৩টি আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। অন্যদিকে ডিএমকে ৭৪টি এবং এডিএমকে ৫৩টি আসনে এগিয়ে। রাজ্যটিতে সরকার গঠনে ১১৮টি আসনে জয় পেতে হয়।
আসাম
গতবারের মতো এবারো আসামে নিজেদের জয় অব্যাহত রাখতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। দলটি ইতিমধ্যে ৯৯টি আসনে এগিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, বর্তমান মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা হ্যাট্রিক করতে যাচ্ছেন। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ২৩টি আসনে এগিয়ে রয়েছে। এ ছাড়া অন্যান্য দল ২টি আসন পেতে পারে।
কেরালা
রাজ্যটিতে ক্ষমতাসীন এলডিএফ এবং বিরোধী দল ইউডিএফ ও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র মধ্যে তুমুল লড়াই চলছে। তবে সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ রাজ্যটিতে এগিয়ে আছে। দলটি এখন পর্যন্ত ৯০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে এলডিএফ এগিয়ে আছে ৩৫টি আসনে এগিয়ে। বিজেপি পেতে পারে মাত্র ২টি আসন। সরকার গঠনে এই রাজ্যে ৭১টি আসনের দরকার হয়।
পদুচেরি
রাজ্যটিতে এনআরসি ১৭টি আসনে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা কংগ্রেস পেতে পারে ৮টি আসন এবং টিভিকে দুইটি আসনে জয় পেতে পারে। রাজ্যটিতে সরকার গঠন করতে ১৬টি আসনে জয় পেতে হয়।
