দেশী-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক হয়। সাড়ে ১০টা থেকে বৈঠকটি চলে দুই ঘন্টা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাসের কথাও বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন। বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।
