লালমাইয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক মাসেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত

ফন্ট সাইজ:

কুমিল্লার লালমাইয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১১ই জানুয়ারি রাতে উপজেলার নাওড়া গ্রামের জাহাঙ্গীর সরদারের মালিকানাধীন বাগানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কিশোরীর পিতা বাদী হয়ে বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের মন্তাজ সরদারের ছেলে মামুন (৪০) এর বিরুদ্ধে লালমাই থানায় মামলা রুজু করেন। তবে ঘটনার এক মাস পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে টানা ২০ দিন ভুক্তভোগী কিশোরী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন থেকে বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গত ১১ই জানুয়ারি রাত আনুমানিক ৮টায় ভুক্তভোগী ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে তাকে জোরপূর্বক বাড়ির পেছনের বাগানে নিয়ে যায় মামুন। পরে প্রাণনাশের ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগীর পিতা ইসমাইল হোসেন বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমি নামাজ পড়তে গিয়েছিলাম। এই সুযোগে মামুন আমার মেয়েকে বাড়ির পেছনের বাগানে জোরপূর্বক ধর্ষণ করে। আমি একজন অটোরিকশা চালক। ঘটনার এক মাস পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় আমি বিচার পাওয়া নিয়ে হতাশায় রয়েছি।

লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন