মালয়েশিয়া থেকে ইউকে ডিগ্রি বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্যের

মালয়েশিয়া থেকে ইউকে ডিগ্রি বন্ধের সিদ্ধান্ত যুক্তরাজ্যের

ফন্ট সাইজ:

মালয়েশিয়ায় অধ্যয়নরত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর শাখা ক্যাম্পাসের শিক্ষার্থীরা গভীর সংকটে পড়েছেন। যুক্তরাজ্যে সাম্প্রতিক আইনি পরিবর্তনের কারণে মালয়েশিয়া থেকে অর্জিত ব্রিটিশ ডিগ্রির পেশাদার স্বীকৃতি এখন হুমকির মুখে।

দেশটির ফ্রি মালয়েশিয়া টুডে-তে প্রকাশিত এক বিশ্লেষণী কলামে জানানো হয়েছে, চলতি বছরের ৫ মার্চ যুক্তরাজ্যে 'মেডিকেল ট্রেনিং (প্রায়রিটাইজেশন) অ্যাক্ট' কার্যকর হওয়ার পর নিউক্যাসল ইউনিভার্সিটি মালয়েশিয়া'র (এনইউমেড) প্রায় ৮৫০ জন মেডিকেল শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন আইন অনুযায়ী, যুক্তরাজ্যের ফাউন্ডেশন প্রোগ্রামে (ইউকেএফপি) যোগ দিতে শুধুমাত্র যুক্তরাজ্যের ভূখণ্ডে পড়াশোনা সম্পন্নকারীরাই যোগ্য বলে বিবেচিত হবেন।

এর আগে মালয়েশিয়ায় পরিচালিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই) মডেলে কার্যক্রম পরিচালনা করে আসছিল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মালয়েশিয়ায় ৪৩ হাজার ১৫৫ জন শিক্ষার্থী এই মডেলে যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের পথে ছিলেন। এনইউমেডে পাঁচ বছরের মেডিকেল প্রোগ্রামে মালয়েশিয়ান শিক্ষার্থীদের প্রায় পাঁচ লাখ রিঙ্গিত এবং বিদেশি শিক্ষার্থীদের প্রায় সাত লাখ রিঙ্গিত ব্যয় হয়। বর্তমান স্নাতক ব্যাচে ১০৭ জন এবং পরবর্তী ধাপে আরও ৭৫০ জন শিক্ষার্থী এই সংকটে পড়েছেন। উদ্বেগজনকভাবে, আইনি বাধা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়টি নতুন ব্যাচে ভর্তির সংখ্যা ১৭০-এ উন্নীত করেছে, যা প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে 'পলিসি ওয়াল' বা নীতির দেয়াল হিসেবে চিহ্নিত করেছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীরা নতুন আইনের কারণে যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যোগ দিতে পারছেন না, অথচ মালয়েশিয়ার নাগরিকত্ব-সংক্রান্ত বিধিনিষেধের কারণে স্থানীয় স্বাস্থ্য খাতেও তাদের কর্মসংস্থান সম্ভব হচ্ছে না। অথচ মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পাঁচ হাজারেরও বেশি হাউসম্যানশিপ পদ শূন্য রয়েছে। কলামের লেখক বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ জিওফ্রি উইলিয়ামস এই প্রশিক্ষিত কিন্তু বেকার শিক্ষার্থীদের 'স্ট্র্যান্ডেড অ্যাসেটস' বা আটকে পড়া সম্পদ হিসেবে বর্ণনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী লেখককে জানিয়েছে, বছরের পর বছর এবং বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করে ব্রিটিশ স্বীকৃত ডিগ্রির পথে হাঁটার পর হঠাৎ সব বদলে যাওয়ায় এনইউমেড শিক্ষার্থীদের মধ্যে 'গভীর বিশ্বাসঘাতকতার অনুভূতি' তৈরি হয়েছে। উইলিয়ামস সতর্ক করে দিয়েছেন, এভাবে চলতে থাকলে মালয়েশিয়ায় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক ক্যারিয়ারের 'সোনালি টিকিট' থেকে 'উইলি ওনকার সার্টিফিকেট কারখানায়' পরিণত হবে — যেখানে ডিপ্লোমা দেওয়া হয়, কিন্তু পথ খোলে না; বরং ক্যারিয়ার কবরস্থানের দিকে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন