জাতিসংঘে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন । নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ।
আগামী ৫-৮ মে পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের রেজুল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এই ফোরামটি মূলত ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান আন্তঃসরকারি বৈশ্বিক প্ল্যাটর্ফম। সফরের প্রথম দুই দিন প্রতিনিধিদলটি বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবে এবং পরবর্তী দিনগুলোতে মূল অধিবেশনে অংশগ্রহণ করে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সাফল্য তুলে ধরবেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটির সফর শেষে আগামী ১১ মে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
