শেষ হয়েছে পশ্চিমবঙ্গ নির্বাচন। এখন গণনার পর ফলাফল চূড়ান্ত হওয়ার পালা। এবারের নির্বাচন প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের- তা নিয়ে এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে টান টান উত্তেজনা। আজ সোমবারই চূড়ান্ত হচ্ছে কারা হবেন পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি। এখন পর্যন্ত বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয় দলই জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছে। গণনায় দিয়েছে সতর্ক নজর।
স্ট্রংরুমে কারচুপির চেষ্টার অভিযোগ ও গণনার দিন কারচুপির সম্ভাবনা নিয়ে দুই পক্ষই নজরদারি চালাচ্ছে। নিজ নিজ কর্মীদের কড়া পাহারায় রাখা হয়েছে স্ট্রংরুমের সামনে। এক্ষেত্রে আগেভাগেই স্ট্রংরুম পাহারা বসিয়েছে তৃণমূল কংগ্রেস। শেষ মুহূর্তে বিজেপিও এ বিষয়ে উদ্যোগী হয়েছে। শনিবার সকাল থেকে রাজ্যের সবক’টি স্ট্রংরুমের সামনে অবস্থান নিয়েছে দলটির মহিলা মোর্চার নেতাকর্মীরা। কেন্দ্রে দলীয় কাউন্টিং এজেন্টদের শেষ পর্যন্ত নজর রাখার নির্দেশ দিয়েছে দুইপক্ষ।
শনিবার সকাল থেকে দফায় দফায় বিভিন্ন স্ট্রংরুমের বাইরে উত্তেজনার খবর পাওয়া গেছে। ভবানীপুর থেকে বারাসতে মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি’র কর্মীরা। শনিবার বিধাননগরে স্ট্রংরুম ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর জেরে সংঘর্ষ বাঁধে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে। আধা- সামরিক বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভবানীপুর কেন্দ্রের ইভিএম রাখা আছে যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে সেখানে একটি স্করপিও গাড়ি প্রবেশ নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের বচসা হয়।
আজ সোমবার সকাল ৭টা থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের ২৯৩টি (ফলতা ব্যতীত) আসনে ভোট গণনা। দুপুরের পরই জানা যাবে জয়- পরাজয়ের গতি-প্রকৃতি। ভোট গণনায় সহায়তার জন্য মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কোথায়, কতো জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনায় ৩৩টি আসনে সবচেয়ে বেশি ৪৯ জন গণনা পর্যবেক্ষক রাখা হয়েছে। রাজ্যে সবচেয়ে কম আলিপুরদুয়ারের পাঁচটি আসনে ছ’জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, পর্যবেক্ষকদের কাজ হবে গণনা প্রক্রিয়ায় সহায়তা করা। কমিশন জানিয়েছে, সব মিলিয়ে ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার বা গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যে সব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে এই অতিরিক্ত পর্যবেক্ষকরা কাজ করবেন। তারা আগে থেকে নিয়োগ করা পর্যবেক্ষকদের সাহায্য করবেন।
ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গণনাকেন্দ্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। গণনা কেন্দ্রের বাইরে, গণনা কেন্দ্রের চৌহদ্দি এবং ভেতরে তিনটি নিরাপত্তা বলয় থাকবে। বাইরে থাকবেন রাজ্য পুলিশের কর্মকর্তারা। ভেতরের দু’টি স্তরে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। সতর্কতা হিসেবে গণনা কেন্দ্রের ভেতরে দলীয় এজেন্ট সহ কমিশনের সব কর্মকর্তাকে কিউআর কোড যুক্ত পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
