কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

সুপ্রিম কোর্ট এজলাসে প্রবেশে বাধা

কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

ফন্ট সাইজ:

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন থেকে অবিলম্বে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদ সংগ্রহের সুযোগ দেয়ার দাবি জানানো হয়। এ মানববন্ধন কর্মসূচি দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত চলে। এতে অংশগ্রহণকারী সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা বলেন, গত ৭ই জানুয়ারি থেকে সাংবাদিকদের আদালত কক্ষে প্রবেশ করতে না দেয়ায় তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে সাংবাদিকরা সংবাদ বর্জনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, গত ৪ মাস ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আদালত কক্ষ হচ্ছে একটি পাবলিক প্লেস। যেখানে বিচার কাযক্রম সর্বসাধারণের পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত থাকে। তাই আদালতের কার্যক্রম পর্যবেক্ষণকে ও সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেয়া কেবল পেশাগত প্রতিবন্ধকতা নয়, বরং এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদ প্রদত্ত মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, যুগের পর যুগ ধরে গণমাধ্যমকর্মীরা আপিল বিভাগের এজলাস কক্ষে অবাধ প্রবেশের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। কিন্তু প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর থেকে এজলাস কক্ষগুলোতে সাংবাদিক প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা দেয়া হয়।

অবাধ তথ্য প্রবাহ এবং স্বচ্ছ বিচারব্যবস্থা নিশ্চিত করতে আদালতসহ সব পাবলিক প্লেসে সাংবাদিকদের প্রবেশাধিকার বজায় রাখা রাষ্ট্র ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। তাই সুপ্রিম কোর্টের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানান তারা। মানববন্ধনে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন