থাইল্যান্ডে গত মার্চে এশিয়া কাপের কম্পাউন্ড ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় জেতে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গড়া বাংলাদেশ দল। এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার বিশ্বমঞ্চে প্রমাণের পালা তাদের। চীনের সাংহাইয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘আর্চারি বিশ্বকাপ ২০২৬, স্টেজ-২’ আসর। প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল দুপুরে ঢাকা ছাড়ে বাংলাদেশ আরচারি দল।
এ দলে ১৩ জন আরচার এবং কোচ ও কর্মকর্তাসহ মোট ২০ জন প্রতিনিধি রয়েছেন। বৈশ্বিক এ আসরে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে চান লাল-সবুজ আরচাররা।
উদ্বোধনী দিনে সকাল ৮টায় কোচ মার্টিন ফ্রেডরিখের অধীনে আনুষ্ঠানিক প্রস্তুতি সেশন করবে বাংলাদেশ আরচারি দল। এরপর দুপুরে বিশ্বকাপের কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেবেন লাল-সবুজ আরচাররা।
এশিয়া কাপে কম্পাউন্ড ইভেন্টে সাফল্য পাওয়ায় চীন সফরের আগে পুরস্কারে ভূষিত হন তিন আরচার। তাদেরকে ৪০০ ডলার করে অর্থপুরস্কার দেন এশিয়ান আরচারির সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। সাফল্যের নেপথ্যে থাকা প্রধান কোচ মার্টিন ফ্রেডরিকসহ সহকারী কোচদের ২০০ ডলার করে অর্থপুরস্কার দেয়া হয়।
২০২৫ সালের নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে হিমু বাছাড় একাধিক পদক জয় করেন। বন্যা আক্তারকে সঙ্গী করে মিক্সড টিম ইভেন্টে তিনি রৌপ্য পান। কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেন। সেই সাফল্য এবার ছাড়িয়ে যেতে চান হিমু। তিনি বলেন, ‘বিশ্বকাপ বড় মঞ্চ। অনেক বড় বড় খেলোয়াড়, তারকারা এতে অংশ নেন। এমন মঞ্চে খেলতে পারাটাই বড় ব্যাপার।
তবে আমরা শুধু অংশগ্রহণের জন্য নয়, পদক জেতার জন্যও যাবো।’ কম্পাউন্ডে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯৬তম স্থানে থাকা বন্যা আক্তারেও লক্ষ্য নিজেকে ছাড়িয়ে যাওয়ার। দেশ ছাড়া আগে মুঠোফোনে তিনি বলেন, ‘প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট। আশা করি, আগের চাইতে ভালো ফল উপহার দিতে পারবো।’ হেডকোচ ফ্রেডরিক অবশ্য বিশ্বকাপকে দেখছেন এশিয়ান গেমসের প্রস্তুতির মঞ্চ হিসেবে।
তিনি বলেন, ‘সামনে এশিয়ান গেমসে আমরা মূলত সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই যাচ্ছি। পাশাপাশি বিশ্বকাপেও ভালো ফলাফল করতে চাই।’ আরচারি বিশ্বকাপের স্টেজ ২ তে রিকার্ভ পুরুষ ইভেন্টে অংশ নেবেন ৪ জন আরচার। তারা হলেন- আবদুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া ও মো. মিশাদ প্রধান। রিকার্ভ মহিলা ইভেন্টের তিন প্রতিনিধি সীমা আক্তার শিমু, নাসরিন আক্তার ও সায়মা সালাহ উদ্দিন। কম্পাউন্ড পুরুষ দলে আছেন নেওয়াজ আহমেদ রাকিব, হিমু বাছাড় ও ঐশ্বর্য রহমান। কম্পাউন্ড মহিলা দল গড়া হয়েছে বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও তানিয়া রিমার সমন্বয়ে।
