জাপান সফরে যুব নারী হকি দলের দায়িত্বে কোচ রাজু

জাপান সফরে যুব নারী হকি দলের দায়িত্বে কোচ রাজু

ফন্ট সাইজ:

জাকার্তায় নারী এশিয়ান গেমসে সাফল্যের পর এবার জাপান যাবে যুব নারী হকি দল। আগামী ২৯শে মে থেকে ৬ই জুন পর্যন্ত জাপানের কাকামিগাহারা শহরে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট হবে। এই আসরে নারী দলের পাশাপাশি পুরুষ যুব দলও অংশ নেবে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কোচ মাহদুদুর রহমান শুভর নেতৃত্বে অনুশীলন শুরু করেছে পুরুষ দল।

একই ভেন্যুতে অনুশীলন শুরু করেছে যুব নারী হকি দল। এ দলটির দায়িত্ব পেয়েছেন এশিয়ান গেমস নারী হকি বাছাইয়ে জাতীয় দলের দায়িত্ব পালন করা জাকির হোসেন রাজু। নারী হকি ইতিহাসে প্রথম টুর্নামেন্টে অংশ নিয়েই ফাইনাল খেলে বাংলাদেশ।

সেই দলের ৮ খেলোয়াড় আছেন অনূর্ধ্ব-১৮ দলে। তারা ছুটি কাটিয়ে দ্রুত ক্যাম্পে যোগ দেবেন বলে জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)। তিনি বলেন, ‘এশিয়ান গেমস বাছাই থেকে ফেরার পর যুব দলের ক্যাম্পে ডাক পাওয়া ৮ জন ছুটিতে রয়েছে। তারা ৫ই মে ক্যাম্পে যোগ দেবেন।’ এশিয়ান হকি ফেডারেশনের আয়োজনে অনুর্ধ্ব-১৮ এশিয়ান কাপে এশিয়ার শীর্ষ ৮ দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ গ্রুপে আছে ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর।

বি গ্রুপে স্বাগতিক জাপান, চীন, চাইনিজ তাইপের সঙ্গী বাংলাদেশ। লীগ পর্যায়ের খেলা শেষে পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী প্লে-অফ বা স্থান নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। জাপানের গিফু প্রদেশের ‘কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ হকি স্টেডিয়ামে’ বসবে যুবাদের এই মিলনমেলা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ ও নারী উভয় দলই গ্রুপ ‘বি’-তে রয়েছে।

২৯মে স্থানীয় সময় দুপুর ১টায় ভারত ও কাজাখস্তানের পুরুষ দলের ম্যাচ দিয়ে শুরু হবে অনূর্ধ্ব-১৮ এশিয়ান গেমসের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ যুবা নারী দল। ৩০শে মে স্বাগতিক জাপানিজ মেয়েদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মেয়েরা তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। দ্বিতীয় ম্যাচে ১লা মে তারা চীনের মোকাবিলা করবে এবং ৩রা জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে লড়বে।

বাংলাদেশের যুবা ছেলেদের মিশন শুরু ৩০শে মে স্বাগতিক জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৩১শে মে শক্তিশালী চীনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩রা জুন তাদের লড়তে হবে চাইনিজ তাইপের বিপক্ষে। লীগ পর্ব শেষে ৪ঠা জুন থেকে সেমিফাইনাল এবং ৬ই জুন ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই আসরের।
জাপান সফরের আর্থিক পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে শিল্পগোষ্ঠী অ্যাপিলিয়ন গ্রুপ।

এ উপলক্ষে গতকাল অ্যাপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাহফে সাধারণ সম্পাদক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি দল জার্সি উন্মোচন করেন। সফরের জন্য ১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করে গ্রুপটি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন