উদ্বোধনী দিনে মাঠে নামছে আবাহনী ও মোহামেডান

উদ্বোধনী দিনে মাঠে নামছে আবাহনী ও মোহামেডান

ফন্ট সাইজ:

দীর্ঘ প্রতীক্ষার পর আজ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) ক্রিকেট। এদিন হবে ছয়টি ম্যাচ। এবারের আসরে থাকছে না সুপার লীগ ও অবনমনের শঙ্কা। উদ্বোধনী দিনেই আলাদা ম্যাচে মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে (বিএসসিসি) প্রথম রাউন্ডে আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। ইউল্যাবে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ গাজী গ্রুপ। ক্রিকেটার্স অ্যাকাডেমিতে লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে রূপগঞ্জ টাইগাসর্সের বিপক্ষে। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ২ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ বসুন্ধরা স্ট্রাইকার্স এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। সব ম্যাচ শুরু সকাল ৯টায়।
এবারের মৌসুমকে সামনে রেখে আবাহনী ও মোহামেডান গড়েছে তারকাসমৃদ্ধ দল। জাতীয় দলের একাধিক ক্রিকেটার আছেন দুই তাঁবুতে।

তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এনামুল হক বিজয়, রিশাদ হোসেন, রিপন মণ্ডল, ইয়াসির আলী চৌধুরীরা মোহামেডানের হয়ে মাঠ মাতাবেন। দলটির ব্যাটার তাওহীদ হৃদয় এবার ডিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ প্রত্যাশা উঁচু থাকবেই, আমাদেরও আছে। কিন্তু দিনশেষে আপনাকে পারফর্ম করতে হবে। প্রসেসের মধ্যে থেকে যার যতটুকু সুযোগ আছে সেটা কাজে লাগাতে হবে। আমরা অবশ্যই ফল চাইবো। প্রক্রিয়া অনুসরণ করে যতটুকু ফল আনা যায় সেই চেষ্টা থাকবে।’ জাতীয় দলে উপরের দিকে ব্যাট করার ইচ্ছাপোষণ করেন হৃদয়। ডিপিএলে এই সুযোগ পেলে লুফে নিতে চান এ ডানহাতি ব্যাটার।

তিনি বলেন, ‘আমার চাওয়াতে কিছু যায় আসে না। এটা দলের চাহিদা। দল যদি আশা করে বা দলের ম্যানেজম্যান্ট যদি চিন্তা করে আমাকে নিয়ে, আমি ওখানে খেলে দলকে আরো ভালো কিছু দিতে পারবো তাতে আপত্তি নেই। দলের ভালোর জন্য যেকোনো জায়গায় খেলতে রাজি।’ ডিফেন্ডিং চ্যাম্পিয়স আবাহনী লিমিটেডে ডেরাতেও তারকার ছড়াছড়ি। জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তের মতো জাতীয় দলের তারকারা এবার আকাশি-নীলদের হয়ে মাঠ মাতাবেন। সিঙ্গেল লীগ ফরম্যাটের ডিপিএল শেষ হবে ১১ই জুন। ৬৬টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন