গাইবান্ধার পলাশবাড়ীতে এক যুবদল কর্মীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ওই কর্মীর হাতের দু’টি আঙ্গুুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এই হামলার শিকার হন তিনি। আহত কর্মীর নাম কাকন (৩৫)। তিনি উপজেলার দুবলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে এবং বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী। হামলায় তার আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে। জানা যায়, রোববার রাতে কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা কাকনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পলাশবাড়ী পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কাকনকে লক্ষ্য করে এই বর্বর হামলা চালানো হয়েছে। স্থানীয় বিএনপি নেতা মওদুদ মিয়া জানান, হামলাকারীরা অপরিচিত ছিল এবং তারা অতর্কিত হামলা চালিয়ে দ্রুত সটকে পড়ে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
গাইবান্ধায় যুবদলকর্মীর দুই আঙ্গুুল কেটে দিলো দুর্বৃত্তরা
গাইবান্ধা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
