টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাথিতে ভাবি রওশনারার (৬৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রওশনারা ওই এলাকার মজিবরের স্ত্রী। অভিযুক্ত দেবর হবিবর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানায়, মজিবরের সঙ্গে তারই আপন ছোট ভাই হবিবরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য নাহিদকে জানালে তিনি একটি সালিশি বৈঠকেরও তারিখ দেন। পরে গত রোববার বিকালে মজিবর এবং তার স্ত্রী রওশনারা ওই জমিতে পানি দিতে গেলে হবিবর ও তার স্ত্রী ফাতেমা বাধা দেয়। এ সময় উভয়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে রওশনারার পেটে সজোরে লাথি দেয় দেবর হবিবর। এতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে রওশনারা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মজিবর বাদী হয়ে ছোট ভাই হবিবর ও তার স্ত্রী ফাতেমাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) প্রভাষ কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
দেবরের লাথিতে প্রাণ গেল ভাবির
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
