পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের বৃহৎ পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মে ৭টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে খাদ্যপণ্যে ভেজাল, অনুমোদনহীন পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকার মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযান সূত্রে জানা গেছে, ক্ষতিকর হাইড্রোজ খাদ্যে ব্যবহারযোগ্য হিসেবে বিক্রির দায়ে মেসার্স আমেনা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রং মিশিয়ে মুগডাল বিক্রির অপরাধে মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা দণ্ড দেয়া হয়। এ ছাড়া কেকের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে মধুবন ইন্টারন্যাশনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে পোড়া তেল ও ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করে খাবার প্রস্তুতের অভিযোগে রহমান হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা এবং আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা দণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি চা পাতার প্যাকেটে মূল্য উল্লেখ না থাকায় এ আর এল টি হাউজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে ভেজাল ও অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তা চলমান থাকবে।
মূল্য তালিকায় গরমিল, খাতুনগঞ্জের ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
