সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সম্পাদক পদ থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ‘সবুজ প্যানেল’র প্রার্থী মোহাম্মদ হোসেন লিপু। রোববার সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে সাজানো, একতরফা ও প্রহসনের অভিযোগ এনের্ অ্যাডহক কমিটির সম্পাদকের কাছে লিখিত পত্রের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মোহাম্মদ হোসেন তার পত্রে অভিযোগ করেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়াটি ক্ষমতাসীন দলের ব্যক্তিদের দিয়ে সাজানো এবং এটি একটি একতরফা ও প্রহসনের নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন সাব-কমিটিতে (নির্বাচন কমিশন) ক্ষমতাসীন দলের ব্যক্তিদের নিয়োগ দিয়ে একটি সাজানো ও ত্রুটিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে। এর প্রতিবাদেই আমি সম্পাদক পদ থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।
সিনিয়র এই আইনজীবীর প্রার্থিতা প্রত্যাহারের ফলে আইনজীবী অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। চিঠিতে তিনি স্পষ্টভাবে বর্তমান নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন কর্তৃপক্ষ তার আবেদনটি গ্রহণ করেছে।
উল্লেখ্য, ২০২৬-২০২৭ মেয়াদের এই নির্বাচনে সম্পাদক পদের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে তার এই সরে দাঁড়ানোর ঘোষণা নির্বাচনী সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সাধারণ আইনজীবীরা।
