ইউক্রেনজুড়ে গতকাল ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে নিহত হয়েছে ১০ জন। সেই সঙ্গে আহত হয়েছে অন্তত ৭৬ জন। বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে।
পাঁচটি অঞ্চলের কর্মকর্তারা হতাহতের খবর জানিয়েছেন। তারা জানান, ইউক্রেনের বিভিন্ন শহরে প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে মস্কো। দেশটির সামরিক বাহিনী জানায়, রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে অন্তত ২৭০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।
রাশিয়ান বাহিনীর হামলায় খেরসন অঞ্চলে নিহত হয়েছে তিনজন। এ ছাড়া ওডেসা, দোনেতস্ক এবং জাপোরিঝজিয়ায় নিহত হয়েছে দুই জন করে। পাশাপাশি সুমিতে হামলায় নিহত হয়েছে একজন।
অন্যদিকে রাশিয়া বলেছে, ইউক্রেন মস্কো লক্ষ্য করে অন্তত ৩৩৪টি ড্রোন ছুড়েছে।
এনিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলায় রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি তেল টার্মিনাল উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আরও দুইটি রাশিয়ার তেল ট্যাংকার হামলার শিকার হয়েছে।
তবে জেলেনস্কির দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
