কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩, রংপুর। জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ই জানুয়ারি সকালে মোটরসাইকেল চালক মো. নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছামাত্র নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় ১৪ জানুয়ারি কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব তৎপরতা জোরদার করে এবং আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি আভিযানিক দল অভিযানে নেমে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ট্রাকচাপায় সেনাসদস্য নিহতের ঘটনায় লালমনিরহাট থেকে ঘাতক চালককে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
