এবার রুবেল হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার ৪ দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরী-কে এবার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আদেশ আসে।

আসামিপক্ষে আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় তাকে তিন দফায় মোট ১২ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর ২২ এপ্রিল রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিন, ২৬ এপ্রিল চার দিন এবং ৩০ এপ্রিল তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রোববার আদাবরের রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ড শুনানি হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস-এর আদালতে।

সরকার পতনের দিন রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবরের রিংরোড এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের করে। এসময় পুলিশসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ ও মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এতে রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন