রেকর্ড সৃষ্টিকারী পারিবারিক সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের মন জয়ের যাত্রা থামছে ৫২তম পর্বে। আগামী ৮ই মে বিকাল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আসবে এর শেষ পর্ব। তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট। সাধারণত ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্বের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫-২৮ মিনিট। শেষ পর্ব ৯২ মিনিট করা প্রসঙ্গে সিরিজটির রচয়িতা-পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, আমার স্বপ্নের একটি কাজ ছিল ‘এটা আমাদেরই গল্প’। ভালো লাগছে যে, এটি যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছি। দর্শকরা আমাদের এই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ। দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্ব বিশেষভাবে সাজিয়েছি।
তাই এর দৈর্ঘ্য সাধারণ পর্বের চেয়ে চারগুণ বেশি হচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ। শুরু থেকেই দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই সিরিজ। একদিনেই কোটি ভিউ পাওয়ার মতো নতুন নতুন রেকর্ড জন্ম দিয়েছে সিরিজটি। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দর্শকদের কাছ থেকে এসেছে হাজার হাজার ইতিবাচক মন্তব্য। পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা দর্শকদের মন ছুঁয়ে গেছে। সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’র মূল চার চরিত্র- ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন- নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা প্রমুখ।
