সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে এক কৃষকের তরমুজ ক্ষেত লণ্ডভণ্ড করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালীর কৃষক মাওলানা আমিন আলীর তরমুজ ক্ষেতে এ হামলা চালায় দুর্বৃত্তরা। ফলে তরমুজের চারা উপড়ে ফেলায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এবং সুন্দরবন ঘেঁষা জয়াখালী গ্রামের বাসিন্দা আমিন আলী দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সংসারের খরচ চালাতে তিনি দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেন, কিন্তু সকালে জমিতে গিয়ে দেখতে পান তরমুজের সারিবদ্ধভাবে লাগানো চারাগাছগুলো ক্ষেতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আশপাশের জমিগুলোতে তরমুজের চারা ঠিকঠাক থাকলেও কেবল জামায়াত নেতা আলীর ক্ষেতেই এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, তরমুজ চাষই ছিল এ মৌসুমে তাদের একমাত্র ভরসা। এ বিষয়ে আলীর ভাই মোমিন আলী বলেন, আমার ভাই দিনমজুর। খেতে-খামারে কাজ করে সংসার চালায়। তার সঙ্গে এমন জঘন্য আচরণ হওয়া সত্যিই দুঃখজনক। এ সময় কান্নাজড়িত কণ্ঠে আমিন আলীর স্ত্রী বলেন, যারা আমাদের উপার্জনের পথ নষ্ট করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শ্যামনগরে তরমুজ ক্ষেত লণ্ডভণ্ড
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
