নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র সার্বিক কার্যক্রম পরিদর্শন ও এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল বিকেলে উপজেলার স্থানীয় কার্যালয়ে সমিতির সভাপতি হারাধন সূত্রধরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভিন। তিনি সমিতির বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের সাথে মতবিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবকদের স্বাবলম্বী করতে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির মতো স্থানীয় সংগঠনগুলো তৃণমূল পর্যায়ে যুবশক্তিকে সংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখছে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন খান, সহকারী কর্মকর্তা মো. পারভেজ হাসান ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং আগিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সমর চন্দ্র সরকার, পূর্বধলা যুব ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, নেপাল চন্দ্র দাস, বাদল চন্দ্র সরকার প্রমুখ। সভায় বক্তারা যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে যুবকদের শপথ গ্রহণের আহ্বান জানান। প্রধান অতিথি সমিতির সদস্যদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও সরকারি ঋণের সুযোগ-সুবিধার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
