মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামা চলাকালে উপর্যুপরি কলমের আঘাতে হাফিজ মিয়া নামে এক মুসল্লির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক জসিম মিয়াকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের কুমিল্লাপাড়া গ্রামের পূর্ব লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। হত্যার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। ধর্মীয় স্থানে এমন সহিংস ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা ও আতঙ্ক দুটোই বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নামাজ চলাকালীন হঠাৎ করে হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন হাফিজ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নিলেও তাকে বাঁচানো যায়নি।
শ্রীমঙ্গল থানার এস আই সজিব চৌধুরী বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত জসিমকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
