সিটিকে চাপে ফেলে অ্যাটলেটিকোর অপেক্ষায় আর্সেনাল

সিটিকে চাপে ফেলে অ্যাটলেটিকোর অপেক্ষায় আর্সেনাল

ফন্ট সাইজ:

ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা লড়াইয়ের রোমাঞ্চের মধ্যে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রাখলো আর্সেনাল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল গানাররা। জোড়া গোল করে জয়ের নায়ক সুইডিশ স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেস, অন্য গোলটি আসে বুকায়ো সাকার পা থেকে। আপাতত চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের অপেক্ষা করছেন গানার কোচ মিকেল আর্তেতা।
এ জয়ের ফলে ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করলো আর্সেনাল। তবে গানারদের চেয়ে দুই ম্যাচ কম খেলা সিটি ৭০ পয়েন্ট নিয়ে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে। আগামীকাল এভারটনের বিপক্ষে মাঠে নামবে পেপ গার্দিওলার দল। ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্তেতা এই জয়কে শিরোপা দৌড়ে বড় প্রেরণা হিসেবে দেখছেন। তার মতে, ড্রেসিংরুমের পরিবেশ এখন দারুণ। শিরোপা লড়াইয়ের গতি ধরে রাখা প্রসঙ্গে আর্তেতা বলেন, ‘আমরা এটিই চাই। এই গতি, শক্তি এবং বিশ্বাসকে মঙ্গলবারের (চ্যাম্পিয়নস লীগ) ম্যাচের দিকে নিয়ে যেতে চাই। আমাদের নিশ্চিতভাবেই সেটির প্রয়োজন হবে। যখন আমি ড্রেসিংরুমের পরিবেশের দিকে তাকাই, আমার মনে হয় সবকিছু সঠিক পথেই এগোচ্ছে।’

এদিনের জয় সিটিজেনদের জন্য কী বার্তা দিচ্ছে, এমন প্রশ্নে আর্তেতা বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘এটি আমাদের এবং আমাদের ড্রেসিংরুমকে বলছে যে, আমরা (শিরোপা) স্বপ্নকে বাঁচিয়ে রেখেছি। এই ছেলেরা শুধু এখন নয়, পুরো মৌসুম জুড়ে যা করেছে—এতগুলো ম্যাচ জেতা, বিশেষ করে আমাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং অনেক সময় গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই যেভাবে ফলাফল বের করে এনেছে, তা সত্যিই অভাবনীয়। এটি দুর্দান্ত একটি বিষয়, কারণ এটি আমাদের মঙ্গলবারের ম্যাচের জন্য সাহায্য করবে।’

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্সেনাল। নবম মিনিটে সাকার পাস থেকে ইয়োকেরেসের লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪০তম মিনিটে ইয়োকেরেসের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন সাকা। প্রথমার্ধের যোগ করা সময়ে লিয়ান্দ্রো ট্রসার্ডের ক্রসে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি পান ইয়োকেরেস।

বিরতির পর ফুলহ্যাম কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও, দাভিদ রায়ার পরীক্ষা নেয়ার মতো সুযোগ তৈরি করতে পারেনি। ১০ই মে ওয়েস্ট হ্যামের বিপক্ষে লীগ ম্যাচের আগে গানারদের বড় পরীক্ষা এখন চ্যাম্পিয়নস লীগে অ্যাটলেটিকোর বিপক্ষে ফিরতি লেগ। মাদ্রিদে প্রথম লেগ ১-১ সমতায় থাকায় এমিরেটসে এখন সব সমীকরণ মিলিয়ে নেয়ার অপেক্ষা ইংলিশ জায়ান্টদের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন